দিনাজপুরের বিরামপুরে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাজু আহমেদ নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটে।
রাজু বিরামপুর পৌরসভার শাহজাহান আলীর ছেলে ও যুবদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, যুবদল নেতা রাজু আহমেদ প্রায় চার বছর ধরে তাঁকে উত্ত্যক্ত করছেন ও কুপ্রস্তাব দিচ্ছেন। সৌদি আরবে যাওয়ার আগেও তিনি রাজু আহমেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। তখন স্থানীয়ভাবে সালিস হয় এবং রাজু আহমেদ ক্ষমা চান। পরে তিনি থানা থেকে অভিযোগ তুলে নেন। গতকাল সকালে ওই নারী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে রাজু আহমেদ তাঁর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। তিনি চিৎকার শুরু করলে রাজু আহমেদ ঘরের দরজা খুলে পালিয়ে যান।
এ বিষয়ে বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন, ‘যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠনে থেকে কারও অনৈতিক কাজ করার সুযোগ নেই। রাজু আহমেদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ হয়েছে বলে শুনেছি। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।’
এ বিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।