রংপুরের মিঠাপুকুর উপজেলায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার লতিবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে (পাচমরা) ঢাকা-রংপুর মহাসড়েকর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনিচুর রহমান (৩২), তিনি কুড়িগ্রাম জেলার কুমরপাড়া গ্রামের মো.ময়েন উল্যার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এক দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আনিচুর। স্ত্রীকে ফোন করে তিনি বলেন আমাকে মাফ করে দিও। এর পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কোথাও না পেয়ে কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজ জিডি করেন আনিচুরের স্ত্রী। সোমবার সকালে ফতেপুর গ্রামের (পাচমরা) বাসিন্দারা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা।