রংপুরের মিঠাপুকুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ডিডিএম, মিঠাপুকুরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুলতামিস বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। এছাড়াও মিঠাপুকুর এপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সাধারণ জনগণকে দুর্যোগ পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও পুনর্বাসন কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
শেষে দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীদের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।