সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় নতুন এক নির্দেশনায় জানিয়েছে, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এই সিদ্ধান্ত দেশের ধর্মীয় পবিত্রতা রক্ষা ও তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে দূরে রাখার লক্ষ্যে গৃহীত হয়েছে।
এই নতুন নীতিমালা সিগারেট, শিশা এবং ই-সিগারেটসহ সকল প্রকার তামাকজাত পণ্য ও এর আনুষঙ্গিক বিক্রেতাদের জন্য প্রযোজ্য হবে।
নতুন নিয়মের মূল বিষয়সমূহ
- সিগারেট, শীশা, ই-সিগারেটসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রির দোকানকে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্স অনুমোদন ও পৌরসভা লাইসেন্স নিতে হবে।
- দোকানের অন্তত ৩৬ বর্গমিটার জায়গা থাকতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ চাইলে অতিরিক্ত শর্ত আরোপ করতে পারবে।
- দোকানের বাইরে কোনো তামাক ব্র্যান্ডের লোগো, পোস্টার বা বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না; শুধু দোকানের নাম ঝুলানো যাবে।
- ফুটপাত দখল বা খোলা স্থানে পণ্য প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ।
- প্রতিটি দোকানে অভ্যন্তরীণ ও বহিরাগত সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক।
- ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা বাধ্যতামূলক।
- বিক্রি করা প্রতিটি তামাকপণ্য SFDA-এর মান অনুযায়ী হতে হবে এবং স্পষ্টভাবে ধূমপানের ক্ষতি সম্পর্কে সতর্কবার্তা থাকতে হবে।
- পণ্য সিল প্যাকেটে বিক্রি করতে হবে; কোনো ছাড়, উপহার, প্রোমোশন বা টেস্টিং কার্যক্রম করা যাবে না।
- ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।
সৌদি সরকার ব্যবসায়ীদের নতুন নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এই উদ্যোগকে ইসলামি পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্য সচেতন সমাজ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।