রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক যুবককে অপহরণ করে অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। এবিষয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আসামিদের কবল থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নওশাদ মিয়ার পুত্র আব্দুর রহিম এবিষয়ে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেছে।
এজাহারে সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে মাহিন্দ্র ট্রাক্টর নিয়ে হালচাষের উদ্দেশ্যে পূর্ব পাথার কদমতলা এলাকায় যান। হালচাষ শেষে ১ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে উক্ত এলাকায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশাযোগে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে দলবদ্ধভাবে তাকে মাহিন্দ্র ট্রাক্টর থেকে নামিয়ে জোরপূর্বক অপহরণ করে ছড়ান এলাকায় বকুল মিয়ার বাড়িতে নিয়ে যায়।
সেখানে উপস্থিত আসামিরা দেশীয় অস্ত্রের মুখে ভুক্তভোগীর তালাকপ্রাপ্ত স্ত্রী মোছাঃ রুবাইয়া আক্তারের সঙ্গে জোরপূর্বক পুনরায় বিয়ে সম্পন্ন করায় এবং এক লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে। এছাড়াও দুটি ১০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে তাকে একদিন আটক রাখে বলে অভিযোগ করেন রহিম।
পরদিন ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে মিঠাপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে রহিমকে উদ্ধার করে তার পিতার হেফাজতে দেয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুর রহিম জানান, আমাকে তুলে নিয়ে তারা জোর করে আমাকে ঔ মেয়ের সাথে বিয়ে দেয়। পরে তারাই মিঠাপুকুর থানায় আমার নামে ধর্ষণ মামলা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।