রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রামাণিক (৫২)–কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রজনতা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রংপুর নগরীর শিমুলবাগ এলাকায় ছাত্রজনতা তাকে আটক করে। জানা যায়, সরকার পতনের পর থেকে তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন।
ডিআরবি নিউজকে বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রবিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে রংপুরের তাজহাট থানায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের সময় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে। তিনি ওই মামলার ৫৬ নম্বর এজাহারনামীয় আসামি। মামলাটি দায়ের করেন ভুক্তভোগী জসিম মিয়া।
ওসি আরও বলেন, গ্রেফতার হওয়া রবিউল ইসলাম প্রামাণিককে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিউল ইসলাম প্রামাণিক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হরিপুর এলাকার মৃত নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।
এ প্রসঙ্গে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান বলেন, ‘আমাদের কাছে জসিম মিয়া হত্যাচেষ্টা মামলার আসামি রবিউল ইসলাম প্রামাণিককে হস্তান্তর করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বুধবার আদালতে সোপর্দ করা হবে।’