লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে দিয়েছেন স্ত্রী। এতে গুরুতর আহত হয়েছেন স্বামী সাহালম মিয়া (৪০)। বর্তমানে তিনি রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, সোমবার ভোরে আদিতমারী উপজেলার নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় সাহালমের শরীরে গরম তেল ঢেলে দেন তার স্ত্রী লাবনি বেগম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।
এ ঘটনায় দুপুরে অভিযুক্ত স্ত্রী লাবনি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী সাহালম মিয়া লালমনিরহাট মিলিটারি ফার্মের ডেইরি প্লান্টে মেকানিক্যাল পদে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবনি বেগম স্বামীর শরীরে গরম তেল ঢালার বিষয়টি স্বীকার করেছেন।