রংপুরের গঙ্গাচড়ায় মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযুক্ত ওই যুবক যাত্রীবিহীন সিএনজি চালিয়ে মাদক পরিবহন করছিল বলে জানা গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, ১৯ জুলাই ২০২৫ শনিবার দুপুর ২টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলা ডিবির এসআই অমিত পার্থ সরকার সঙ্গীয় ফোর্সসহ গংনারপাড় এলাকায় অভিযান চালান। গঙ্গাচড়া ইউনিয়নের জনৈক মহুবরের বাড়ির পাশে একটি সবুজ থ্রি-হুইলার সিএনজি তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মোঃ আল মামুন ফিরোজ (২২)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ রবিউল ইসলাম।
ডিবি পুলিশের দাবি, আল মামুন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে রংপুরসহ আশপাশে সরবরাহ করছিল। তাকে গ্রেপ্তারের পর গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রংপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।