রংপুরের ৩টি সংসদীয় আসনে ভোট পুনঃগণনার দাবীতে বিক্ষোভ মিছিল, ডিসি অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছে বিএনপি নেতাকর্মীরা। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীতে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তারা অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করেছে। ভোট পুনঃগণনার আবেদন জানানো হলে তিনি টালবাহান করে সময়ক্ষেপন করছেন। দ্রুত সময়ের মধ্যে ফল পুনঃগণননা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বিএনপি নেতাকর্মীরা। এরপর তিন প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের সাথে সাক্ষাত করে ভোট পুনঃগণনার দাবী জানান।

রংপুর-৪ আসনে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, প্রশাসনের সহযোগিতায় নগ্ন হস্তক্ষেপ করে আমার ফলাফল ছিনতাই করা হয়েছে। আমি গত দু’দিন ধরে হারাগাছ পৌরসভা, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। জনগণের দাবী তারা ভোট দিয়েছে কিন্তু কাঙ্খিত ফলাফল পায়নি। ভোট পুনঃগণনায় যে রায় আসবে তা আমরা মাথা পেতে নিব। আমি এনসিপির আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যদি সত্যিই সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে থাকে, তবে ভোট পুনঃগণনা করুক। সে জয়ী হলে আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। প্রশাসন ভোট পুনঃগণনায় কালক্ষেপন করে টালবাহানা করেছে। নতুন করে ব্যালট পরিবর্তন করা হলে রংপুরে বড় সংকট তৈরী হবে।
রংপুর-৬ আসনের বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম বলেন, আমার ভোটারদের কাছে পোলিং অফিসার গোল সিল সরবরাহ করেছে। এতে করে ধানের শীষের ৫ হাজারেরও অধিক ভোট নষ্ট হয়েছে। এছাড়া সন্দেহের কারণে আমার এজেন্ট গণনার দিন দুটি বান্ডিল চেক করে দেখে জামায়াত প্রার্থীর বান্ডিলে ধানের শীষের ভোট ঢুকিয়ে দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে ১১৩টি কেন্দ্রের প্রায় অর্ধেক কেন্দ্রে জামায়াতের প্রার্থীর মত করে প্রিজাইডিং, পোলিং অফিসার নিয়োগ করে আমাদের হারিয়েছে। আমরা মনে করি ভোট পুনঃগণনা হলে ধানের শীষের বিজয় হবে।
রংপুর-৩ আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, প্রশাসনকে ব্যবহার করে জামায়াত প্রার্থী ভোটে কারচুপি করে নির্বাচিত হয়েছে। ফল পুনঃগণনা হলে ধানের শীষের বিজয় হবে বলে আমি মনে করি।