বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে নেসকো রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসকসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে রংপুর সিনিয়র সহকারী জজ সদর আদালতে এ মামলা দায়ের করেন, মহানগর নাগরিক কমিটির সিনিয়র সদস্য আব্দুর জব্বার সরকারসহ প্রি-পেইড মিটারে ভুক্তভোগী ১৫ জন। মামলার বিবাদীরা হলেন, নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাদ্দেক কবির, শরিফুল ইসলাম, মোস্তাফিজার রহমান ভূঁইয়া, হিসাব শাখার ব্যবস্থাপক কানিজ ফাতেমা ও মোকাবিলা বিবাদী হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
রংপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ সাংবাদিকদের জানান, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের প্রকল্পের মধ্যে অন্যতম প্রি-পেইড মিটার প্রকল্প। ২০২৫ সালের ৪ জুলাই বিদ্যুৎ ও জ¦ালানী মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নতুন বিদ্যুৎ সংযোগ ও নষ্ট পোস্ট-পেইড মিটারের ক্ষেত্রে আবশ্যিকভাবে প্রি-পেইড মিটার স্থাপন করতে হবে। কিন্তু নেসকো কর্তৃপক্ষ সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নগরীর বাসাবাড়ি, অফিস-ব্যবস্থাপ্রতিষ্ঠানে সচল পোস্ট পেইড মিটার খুলে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন করে চলেছে।
তিনি বলেন, রংপুর ও রাজশাহীতে ২০২২ সালের পহেলা জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন মেয়াদে সাড়ে ৯ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নেসকো। প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে গ্রাহকরা আন্দোলন করে আসলেও কর্তৃপক্ষ সেদিকে কর্ণপাত করছে না। যার ফলে প্রি-পেইড মিটার স্থাপনের যাবতীয় কার্যক্রম বেআইনী ও অবৈধ ডিক্রি কামনায় মহানগর নাগরিক কমিটি মামলা দায়ের করেছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ একটি সেবা মূলক প্রতিষ্ঠান। কিন্তু সেই সেবা পেতে জনগণকে আগাম কেন টাকা দিতে হবে। প্রি-পেইড মিটারে প্রতিবার রিচার্জ করার সাথে সাথে মিটার ভাড়া বাবদ ৪০ টাকা, কিলোওয়াট প্রতি ডিমান্ড চার্জ ৪২ টাকা, ভ্যাট ৫ টাকা করে কেটে নেয়া হয়। সেই সাথে বিদ্যুৎ বিভাগ প্রচার করছে পোস্ট পেইড ও প্রি-পেইড মিটারে বিদ্যুৎ খরচ একই। তাহলে এসব টাকা কেন কেটে নেয়া হচ্ছে। সেই সাথে বিদ্যুৎ আইন অনুযায়ী কোন গ্রাহকের বিদ্যুতের সংযোগ কেটে দিতে কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ করতে হবে। কিন্তু প্রি-পেইড মিটার স্থাপনে সেই আইন লংঘন করছে নেসকো কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর নাগরিক কমিটির আহ্বায় মোজাহার আলীসহ সংগঠনের সদস্যরা।