গাইবান্ধার ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।
ওসি জানান, গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকার রবিজল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার মৃত দীনেশ চন্দ্রের ছেলে জ্যোতিষ চন্দ্র (৩৫) এবং তাজুর ইসলামের ছেলে বারেক মিয়া (৪৫)। মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’