স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর টার্মিনালস্থ বিআরডিবি’র বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তাদের দলের নেতারাই তা বিবেচনা করবেন। আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয় বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। আর জামায়াতে ইসলামীর আমির সাহেব তাদের গঠণতন্ত্র পড়ে দেখবেন, উনারা গণতান্ত্রিক দল কি না সেটা উনারাই বিবেচনা করবেন।

বমন্ত্রী বলেন, সরকারের ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এর মধ্যে সরকার কৃষি উন্নয়নের জন্য ১০হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন। সেই সাথে কৃষিকে লাভজনক করার জন্যে যতটুকু ব্যবস্থা নেয়া দরকার তা সরকার গ্রহণ করবে। কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, এই বছরের শেষে নয় তো আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে।
এরপর মন্ত্রী পাবলিক লাইব্রেরী মাঠে বিআরডিবি আয়োজিত পল্লী মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন। রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরিক্ষত মহিলা সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা। শেষে বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ, গাছের চারা এবং কিশোরীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়।