
নারী ও শিশু কেন্দ্রীক উন্নয়ন প্রস্তাবনা জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে যুক্ত করতে রংপুরে অংশীজনদের নিয়ে বিভাগীয় সংলাপ হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে সীড ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে এতে শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারী-বেসরকারী উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক ও সাংবাদিকগণ অংশ নেন। সীডের নির্বাহী পরিচালক সারথী সাহা’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংলাপ আয়োজনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার তাসনিম হোসাইন প্রমি। বিষয় ভিত্তিক তথ্য-উপাত্ত, প্রস্তাবনা উপস্থাপন করেন, মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ এন্ড স্যোশ্যাল কোহেশন লীড কর্মকর্তা ওয়াসিউর রহমান তন্ময়।
সংলাপে জানানো হয়, ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার ১৩ দশমিক ১৫ শতাংশ থাকলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশে। দেশের শতকরা ২৮ ভাগ পাঁচ বছরের কম বয়সী শিশু অপুষ্টিজনিত কারণে বয়স অনুযায়ী উচ্চতা কম, অন্যদিকে পুষ্টিহীনতার কারণে দেশের শতকরা ১০ ভাগ শিশু উচ্চতা অনুযায়ী ওজন অস্বাভাবিকভাবে কম। বিবিএসের জরিপে ২০২৪ সালে প্রায় ৭০ ভাগ নারী জীবনে অনন্ত একবার স্বামী কিংবা সঙ্গীর দ্বারা কোন না কোন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দুই কোটি ২০ লাখ জনগোষ্ঠি জলবায়ুর পরিবর্তন জনিত কারণে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হবেন। সংলাপে অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্য-পুষ্টি, সহিংসতা ও শোষনমুক্ত জীবন গঠনে সুরক্ষা, জলবায়ু ঝুঁকি, পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি এবং প্রতিবন্ধী, সংখ্যালঘু, ক্ষুদ্র-নৃগোষ্ঠি, আদিবাসী, হরিজন নারী ও শিশুদের উন্নয়নে নানা প্রস্তাবনা তুলে ধরেন।