চরিত্রের প্রয়োজনে নানান লুকে হাজির হতে পছন্দ করেন শাকিব খান। যার প্রমাণ মেলে শাকিবের করা গত কয়েকটি সিনেমায়। এই মুহূর্তে নায়কের নতুন সিনেমা ‘সোলজার’-এর লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না শাকিবের এ গোঁফ আসল নাকি নকল!
গোঁফের সে রহস্য নিজেই ফাঁস করেছেন শাকিব। সোলজার সিনেমা নিয়ে নতুন তথ্য এ নায়কের কাছে জানতে চাইলে এ অভিনেতা বলেন, আমার গোঁফ নিয়ে অনেকেই একটি তথ্য জানেন না। আর সেটা হলো এ গোঁফটা কিন্তু আসল। ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই গোঁফ। মজা করে শাকিব আরও বলেন, শুটিং শেষে যারা আমার মেকআপ রিমুভ করেন আমি মাঝেমধ্যেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তার পর বলে, আরে এটা তো আসল। আমি তখন সত্যি মুহূর্তটা উপভোগ করি।
সাকিব ফাহাদ পরিচালিত সোলজার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এ সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে তিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনকে। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা। এদিকে শাকিব খান রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক অ্যাকসেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অল্প কিছুক্ষণের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এই আয়োজনে শাকিব খান নাকি মাত্র ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। তার মানে প্রতি মিনিটে শাকিব নিয়েছেন পৌনে দুই লাখ টাকা? বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ।
শাকিব খান দুপুরে নিজের ফেসবুকে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে শাকিব খান যে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা নিয়েছেন বা ২০ মিনিটে, তা শাকিব সংশ্লিষ্ট কেউবা তার তরফ থেকে জানানো হয়নি।