গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, বিএনপি কোনো গুণ্ডা-মাস্তানের দল নয়। এটি একটি সুসংগঠিত ও ভদ্রলোকের দল। মেজর জিয়াউর রহমান ভালো মানুষদের নিয়ে বিএনপি গঠন করেছেন।
উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়।
সভায় ইউএনও বলেন, ‘আমি আপনাদের সেবা করতে এসেছি। যদি সেবা না করতে পারি তবে আমার এখানে থাকার কোনো দরকার নেই। আপনাদের নিয়ে মিলেমিশে কাজ করব। তাই আপনাদের সহযোগিতা কামনা করছি।’ তিনি আরও বলেন, প্রতিহিংসাপরায়ণ হয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। সেদিকে নজর রেখে মব সহিংসতা বন্ধ করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেই জন্য সবাইকে সর্তক থাকতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোলাইমান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমা সরকার, কালীগঞ্জ পৌর মহিলা দলের আহ্বায়ক শাহানাজ আক্তার চামেলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল শেখ প্রমুখ।