রংপুরের মিঠাপুকুরের ঐতিহ্যবাহী পলিপাড়া মাসিমপুর জামে মসজিদের প্রায় ৩০০ বছরের পুরোনো ৪২ বিঘা সম্পত্তি বেদখল হয়ে যাওয়ায় স্থানীয় মুসল্লিরা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগ উঠেছে, তৎকালীন দানকৃত এই বিপুল পরিমাণ সম্পত্তি মৃত ময়নুল হক সরকারের ছেলে জোয়ারদার হোসেন লিটন জোরপূর্বক দখল করে রেখেছেন।
মুঘল আমলে নির্মিত এই মসজিদটির জন্য হাজী তকের মোহাম্মদ ৪২ বিঘা সম্পত্তি দান করেছিলেন। এই সম্পত্তি মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহারের কথা থাকলেও, বর্তমানে তা জোয়ারদার হোসেন লিটনের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, লিটন এই জমি বন্ধক ও লিজ দিয়ে ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাৎ করছেন এবং মসজিদের উন্নয়নে কোনো অর্থ ব্যয় করছেন না। এই ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ছালেক মিয়া জানান, মসজিদের জমি দাতাদের বংশধররা ভোগদখল করছেন, জমি বন্ধক ও লিজ দিচ্ছেন। এমনকি মসজিদের পাশে রাস্তার ধারের জমি বিক্রি করে দোকানঘর নির্মাণের চেষ্টা করা হলে মুসল্লিরা বাধা দেন। তিনি জোর দিয়ে বলেন, এই জমিগুলো সরকারিভাবে উদ্ধার করে তত্ত্বাবধান করা অত্যন্ত জরুরি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুসল্লি অভিযোগ করেন, জোয়ারদার হোসেন লিটন মসজিদের জমি আত্মসাৎ করে নিজের দখলে রেখে চাষাবাদ করছেন এবং মসজিদে কোনো আয় দেখাচ্ছেন না। তারা লিটনকে একজন ভূমিদস্যু ও প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করে বলেন, তার প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে আয়মন রেছা বেগম মসজিদের মোতয়াল্লির দায়িত্বে আছেন। তবে তার ভাতিজা জোয়ারদার হোসেন লিটন নিজেকে বর্তমান মোতয়াল্লি দাবি করছেন। আয়মন রেছা বেগম অভিযোগ করেন, লিটন কৌশলে মোতয়াল্লি হওয়ার চেষ্টা করছেন এবং জমিগুলো বেদখল করে খাচ্ছেন। তিনি লিটনকে ‘ভূমিদস্যু ও টাউট টাইপের মানুষ’ বলেও উল্লেখ করেন।
মসজিদ প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নতুন করে বর্ধিত অংশের কাজ চলছে। মুসল্লিরা আক্ষেপ করে জানান, আবু নুর মোহাম্মদ আহসান হামিদ নামে একজন দানশীল ব্যক্তি ব্যক্তিগত অর্থায়নে মসজিদের এই নির্মাণ কাজ করাচ্ছেন। কিন্তু জোয়ারদার হোসেন লিটনের লোকজন তাকে কাজে বাধা দিচ্ছেন, যার কারণে কাজ থমকে আছে।
এ বিষয়ে অভিযুক্ত জোয়ারদার হোসেন লিটন বলেন, “আমি মোতয়াল্লি হওয়ার পর জমিগুলো দেখভাল করছি।” মসজিদের বার্ষিক আয় এবং তা দিয়ে কী কী উন্নয়ন করা হয়েছে, এমন প্রশ্ন করা হলে তিনি কোনো হিসাব দিতে অস্বীকার করেন এবং বলেন, “আপনাকে কেন আয়-ব্যয়ের হিসাব দেব? আমার পূর্বপুরুষ জমি দিয়েছে, আমরা দেখভাল করছি।”
মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রংপুর ওয়াকফ এস্টেট কার্যালয়ের হিসাব নিরিক্ষক আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন যে, হাজী তকের মোহাম্মদ ওয়াকফ এস্টেটের মোতয়াল্লি আয়মন নেছা এবং এ ঘটনায় উচ্চ আদালতে একটি মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই পরিস্থিতিতে মুসল্লিদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক এবং মসজিদের হারানো সম্পত্তি উদ্ধার করে তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা হোক।