গাজা সিটিতে ইসরাইলের স্থল অভিযানের মধ্যে দুই জিম্মির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে দাবি করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ অবস্থায় গাজা সিটির একটি এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং বোমাবর্ষণ সাময়িকভাবে বন্ধের আহ্বান জানিয়েছে গোষ্ঠটি।
রোববার এক বিবৃতি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, গত ৪৮ ঘণ্টা ধরে সাবরা ও তাল আল-হাওয়া পাড়ায় ইসরাইলের নৃশংস সামরিক অভিযানেরর মধ্যে ওমরি মিরান ও মাতান আংরেস্টকে আটকে রাখা যোদ্ধাদের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিবৃতিতে বলা হয়, দুই বন্দির জীবন সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই দখলদার বাহিনীকে অবিলম্বে ৮ নম্বর রোডের দক্ষিণে সরে যেতে হবে এবং আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আকাশ পথে অভিযান বন্ধ করতে হবে, যাতে দুই বন্দিকে উদ্ধার চেষ্টা চালানো যায়।