বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীর ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তবে নির্বাচন হবে কিনা, সেটা নিয়ে কারও সংশয় থাকার কথা নয়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন মধ্য ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ দেশের সাধারণ মানুষ সবাইই নির্বাচন চায়। ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতোই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। একবার নিশি রাতের ভোট হয়েছিল, তাই এবার জনগণ অধিকার প্রয়োগে উন্মুখ হয়ে আছে।
জাহিদ হোসেন আরও বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি তা মেনে নেবে। কোন পরিস্থিতিতেই স্বৈরাচার বা অসাংবিধানিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি হাত মেলাবে না।
শুক্রবার বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মনজুরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া। এছাড়া বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন চৌধুরী দুলাল এবং ঐক্যফেডারেশনের মহাসচিব আলহাজ্ব আজিজুল হক রাজা বক্তব্য রাখেন।
এসময় জেলার ১৩ উপজেলার শিক্ষক-কর্মচারী ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।