আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পেছনে দাঁড়াতে ‘আওয়ামী লীগের ভাইদের’ প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশীদ। একই সাথে জামায়াতে ইসলামী ভোটের জন্য হিন্দু সম্মেলন করছে বলেও অভিযোগ করেছেন তিনি। মুসলমান ভোটারদের সাবধানও করেছেন যেন তারা জামায়াতকে প্রত্যাখ্যান করে। এ ছাড়া পিআর পদ্ধতিতে দেশে ইসলামী আইন-কানুন চালু হবে কিনা-এমন প্রশ্নও করেছেন তিনি।
ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ও পদ্মা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবিতে বুধবার (১২ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে এসব কথা বলেন তিনি। হারুনুর রশীদ এবারও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন। এর আগে ১৯৯৬, ২০০১ এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের হয়ে সংসদে গিয়েছিলেন তিনি।
বক্তব্যের শুরুতে ‘শয়তান তাড়ানোর স্লোগান’ হিসেবে ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’ স্লোগান দেন হারুন। তিনি বলেন, ‘বন্ধুরা আমার, আগামী জাতীয় নির্বাচন বহুদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই-সংগ্রাম করেছি। শুধুমাত্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে। এই নির্বাচনের দাবি আমরা আদায় করার জন্য আমাদের অনেক সহযোদ্ধারা-সহকর্মীরা গুমের শিকার হয়েছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। আমরা আমাদের দাবিতে অটল ছিলাম। আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আর যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছিল তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে।’
আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন বাংলাদেশের আনাচে-কানাচে কোথাও আমি আওয়ামী লীগ করি- এই পরিচয় দিয়ে রাস্তায় ঘোরার মত আর কোন মুখ নাই। আমি আওয়ামী লীগের ভাইদেরকে আহ্বান জানাব, আপনাদের মধ্যেও যারা ভাল মানুষ রয়েছেন, যারা দেশকে ভালোবাসেন, যারা মনে করেন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু করা দরকার, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হওয়া দরকার, যারা বিগত সময় গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, এর সঙ্গে যারা জড়িত তাদের বিচার চান, আমি আহ্বান জানাব আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন।’