তহবিল সংকটের কারণে বিশ্বব্যাপী নয়টি শান্তিরক্ষা অভিযানে প্রায় এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (৮ অক্টোবর) জাতিসংঘের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে মোট শান্তিরক্ষা বাহিনীর প্রায় ২৫ শতাংশ সেনা ও পুলিশ সদস্যকে তাদের সরঞ্জামসহ নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। মিশনগুলোতে কর্মরত বিপুলসংখ্যক বেসামরিক কর্মচারীও এ সিদ্ধান্তের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটি প্রায় ১৩ হাজার থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্যের সমান।
যুক্তরাষ্ট্র জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা, যা মোট বাজেটের ২৬ শতাংশের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। দেশটি ২৪ শতাংশ অর্থের যোগান দেয়। এসব অর্থ প্রদান স্বেচ্ছাসেবী নয়, বরং বাধ্যতামূলক।
আরেক কর্মকর্তা জানান, ১ জুলাই চলতি অর্থবছর শুরু হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের জাতিসংঘের কাছে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল। এখন আরও ১ দশমিক ৩ বিলিয়ন ডলার যোগ হওয়ায় মোট বকেয়া দাঁড়িয়েছে ২ দশমিক ৮ বিলিয়ন ডলারেরও বেশি।