গাজীপুরের শ্রীপুরে এক চাঞ্চল্যকর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, গুলি এবং বিপুল পরিমাণ সরঞ্জামসহ বিএনপি নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযানে তাঁর সঙ্গে আরও ছয়জনকে আটক করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টায় শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই অভিযান। গ্রেপ্তারকৃত মো. এনামুল হক মোল্লা (৫০) বরমী ইউনিয়নের বরকুল গ্রামের বাসিন্দা। তিনি মক্কার মেছপালা বিএনপির সভাপতি এবং বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আটককৃত অন্যান্যরা হলেন শওকত মীর (৪৫), জাহিদ মিয়া (৪০), মোস্তফা কামাল (৩২), সিদ্দিকুর রহমান (৩৪), বুলবুল মিয়া (৩৫) ও তোফাজ্জল হোসেন (৪৫)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর সেনাক্যাম্পের মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে যৌথ বাহিনী এনামুল হক মোল্লার বহুতল ভবনে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রনিক শক মেশিন, একটি হ্যামার নীলগান এবং একটি চাকু উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
জানা গেছে, এনামুল হক মোল্লা দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে ছিলেন এবং গত বছর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হন। তিনি গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।
এই গ্রেপ্তারের ঘটনায় গাজীপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।