এক নিমিষেই যেনো সব শেষ! বজ্রাঘাতে দুই বোন ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে কুমিল্লার হোমনা উপজেলায়। আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), জাকিয়া বেগম (২৩)। তারা সম্পর্কে দুজন সহোদর বোন। অপর ব্যক্তি একই উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২২)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা যায়।
নিহত রাশেদুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর টু কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।
তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। ওই দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে আর ওই যুবকের বাড়ি একই উপজেলার খোদেদাউদপুর গ্রামে।