সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে পৃথক কর্মসূচী পালিত হয়েছে। মহানগর বিএনপি’র উদ্যোগে শনিবার (৩০ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যরা।
আলোচনায় সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। এরপর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়ার পর দেশ গঠনে নিরলসভাবে কাজ করে গেছেন। শহীদ জিয়াউর রহমান সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন, মানুষের সাথে মানুষের সকল ধরনের ভেদাভেদ দূর করে দেশ গঠনে কাজ করেছেন। শহীদ জিয়াউর রহমানের কর্মজীবন, মুক্তিযুদ্ধকালীন তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে তারা বর্তমান সময়ে অনাচার, অত্যাচার, বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবার পথ অনুসরণ করে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। দেশের সকল নাগরিককে একটি সুন্দর রাষ্ট্র গঠনে কাজ করে যেতে হবে।
এদিকে জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আফছার আলী, আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, পরিতোষ চন্দ্রসহ অন্যরা। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর অস্বচ্ছল মানুষদের মাঝে খাবার বিতরণ করে জেলা বিএনপি।