রাজধানীতে শিশু রামিসা হত্যাসহ সারাদেশে নারী-শিশু খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমু। বক্তব্য রাখেন, নারী নেত্রী হীরামনি আক্তার হাসি, সংগঠক মৌসুমি আক্তার মৌ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরাসহ অন্যরা।
মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার মধ্য দিয়ে বর্তমান দেশের নারী শিশুদের জন্য কেমন পরিবেশ বিরাজ করছে তা পরিস্কার হয়ে গেছে। একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় ৭ শিশু ধর্ষণের পর হত্যার খবর প্রকাশ পেয়েছে। এসব অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে বিচারহীনতার সংস্কৃতি, নানা সময় ধর্ষকদের পাশে ক্ষমতাসীনদের পক্ষ নেয়া, পর্ণগ্রাফী, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন ও মাদক প্রসার বেড়ে চলেছে। এসবের বিরুদ্ধে দেশের সকল সচেতন নাগরিককে সোচ্চার হতে হবে।