দুর্গাপূজা উদ্যাপন ঝিনাইদহে মামাবাড়িতে এসে মদ্যপানে নন্দিনী সরকার (১৮) নামে এক মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নন্দিনী সরকার মানিকগঞ্জ জেলার গিলান্দ গ্রামের অনিল চন্দ্র সরকারের মেয়ে ও ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী।
এ প্রসঙ্গে নন্দিনী সরকারের চাচা গণেশ চন্দ্র সরকার বলেন, ‘প্রতিবছর পূজায় ভাতিজিসহ সপরিবারে ঝিনাইদহের শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে আসি। এবারও সপ্তমীর দিন এখানে এসেছিলাম। বিজয়া দশমীর দিনে বিকেলে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে যায়। এ সময় সে তাদের সঙ্গে মদ পান করে। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে ১২টার দিকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে ওই রাতই তাকে বাড়িতে আনা হয়। এরপর শনিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তখন চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়। নন্দিনী ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানান গণেশ চন্দ্র সরকার।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, শনিবার রাতে নন্দিনী নামে এক তরুণী মদ পানে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি মাসুম খান গণমাধ্যমে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপপমৃত্যু মামলা করা হয়েছে।’