ওয়ালটন মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা সোনালী অতীত ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রংপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় ঢাকা সোনালী অতীত ক্লাবের মুখোমুখি হয় লালমনিরহাট সোনালী অতীত ক্লাব। খেলার প্রথময়ার্ধ্বে ঢাকা দল একটি গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে ঢাকা দলের দূর্ভেদ্য রক্ষণভাগকে পাশ কাটিয়ে গোল করতে না পেরে টুর্নামেন্টের রানারআপ হিসেবে নাম লেখায় লালমনিরহাট দল। রংপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিবের সভাপতিত্বে পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সোনালী অতীত ক্লাবের সংগঠক মাহমুদুর রহমান টিটু, ক্রীড়া সংগঠক আতিকুল্লাহ আতিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানবীর হোসেন আশরাফীসহ অন্যরা। পরে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। রংপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে দুটি গ্রæপে এ টুর্নামেন্টে অংশ নেয় ঢাকা, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর দল। দলগুলোতে এক সময়ের মাঠ কাঁপানো জাতীয় দলসহ স্বনামধন্য ফুটবল খেলোয়াররা অংশ নেন।